খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

তিন মাসে ১০ জেলায় বিশেষ অভিযান

খুলনায় ১৪৭ অবৈধ অস্ত্র ও ৮১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার সাড়ে ৩২ হাজার

এন আই রকি |
০১:২৪ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে খুলনা রেঞ্জ পুলিশ গত তিন মাসে দশটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করছেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় জেলা পুলিশ পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন। পরিচালনার সময় সন্ত্রাস দমন, মাদকের বিরুদ্ধে অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্থিতিশীল সৃষ্টিকারী, নাশকতাকারী এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার, চোরাচালান ও অনলাইনে জুয়া প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করা হয়। খুলনা বিভাগের দশ জেলা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মাদক সহ  উদ্ধারসহ অনেক আসামি আটক করা হয়েছে।
অভিযানে ১৪৭টি অবৈধ অস্ত্র ও প্রায় ৮১ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৪০টি মামলায় ৪২ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১১৬টি দেশীয় অস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭টি বিদেশি পিস্তল, ৩টি দেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, ৩টি বন্দুক, ১টি পাইপগান ও ১৫টি ওয়ানশ্যুটার গান।
রেঞ্জ ডিআইজি অফিস সূত্র জানায় , সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর  তিন মাস জুড়ে চলা বিশেষ অভিযানে সব ধরনের মামলায় মোট ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানা মূলে গ্রেফতার হয়েছেন ১৯ হাজার ৭৫১ জন। এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে গ্রেফতার হয়েছেন ৩ হাজার ৫৩৪ জন। মাসওয়ারি হিসাবে সেপ্টেম্বরে ১ হাজার ৮৮ জন, অক্টোবরে ১ হাজার ১১ জন এবং নভেম্বরে  ১ হাজার ৪৩৫ জনকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে এই সময়ে ৫২টি মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৮৯ জনকে। নাশকতা ও সহিংসতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪০৩টি মামলায় ১ হাজার ৭৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ৮১ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০৩ কেজি গাঁজার পাশাপাশি হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।
এছাড়া চোরাচালান সংক্রান্ত ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়া সংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জন গ্রেফতার হয়েছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা ও ৫ হাজার ৮৭৭টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। আদায় হয়েছে ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা জরিমানা এবং ২ হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৯৬৬টি মোটরসাইকেল।
খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট)  মোঃ আসিফ ইকবাল  বলেন, খুলনা বিভাগের দশটি জেলায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়। গত তিন মাসে রেঞ্জ ডিআইজি পুলিশের সাফল্য তুলনামূলক অনেক সন্তোষজনক। অস্ত্র ইয়াবা উদ্ধারসহ সন্ত্রাস বিরোধী আইনে আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। সকলের সহযোগিতায় আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে চাই। অপরাধের তথ্য নিকটস্থ থানা বা ৯৯৯-এ জানাতে জনগণের প্রতি আহŸান জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ