খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ফেসবুকে সরকার বিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


ফেসবুকে সরকার বিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়া থেকে রাশিদুল হাসান রাজন নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ। 
শুক্রবার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তাকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়। শনিবার সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে। 
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, রাশিদুল হাসান রাজন একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে তিনি নিয়মিত ফেসবুকে সরকার বিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। 
ওসি আরও বলেন, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। শনিবার সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে। 
তবে চিকিৎসক রাশিদুল হাসান রাজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ