খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

চিত্রা নদীতে মিলল নিখোঁজ কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ

নড়াইল প্রতিনিধি |
০১:৫৬ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


নড়াইলের কালিয়ায় নিখোঁজের তিন দিন পর অনিক  মোল­া ওরফে উসমান (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনিক মোল­া নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল­ার ছেলে। এ ঘটনায় আহত অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার (২৫ নভেম্বর) বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে পাশের রঘুনাথপুর বাজারে যায় অনিক। এ সময় পাশের গ্রাম সুমেরুখোলার ভ্যানচালক রিহাদ বিশ্বাসের সঙ্গে যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে যায় সে। এরপর থেকে ভ্যানসহ দুই চালক অনিক ও রিহাদ নিখোঁজ হন। ওই দিন রাতেই পেড়লিস্থান এলাকায় চিত্রা নদী থেকে মুমূর্ষু অবস্থায় রিহাদকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এদিকে, তিনদিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে একই এলাকা থেকে অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ভ্যান ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিহতের স্বজন ও জেলা পুলিশ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল আমিন বলেন, দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে জানতে পারেন, পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিহতের স্বজনরা মরদেহটি অনিক ওরফে উসমানের বলে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহালে অনিকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ