খুলনা | সোমবার | ৩০ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রবীণ অভিনেতাকে মারধরের অভিযোগ, নিশ্চুপ সংগঠন

খবর বিনোদন |
০৩:২৯ পি.এম | ২৯ নভেম্বর ২০২৬


ছোটপর্দার প্রবীণ অভিনেতাকে মারধরের অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। মুম্বাইয়ের ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর অফিসে দীপক কাজীকে শারীরিকভাবে লাঞ্চিত করার এ অভিযোগ এনেছেন সংগঠনের সদস্য ডেজি  ক্লেমেন্টস। গেল ২৬ নভেম্বর এ ঘটনা ঘটেছে বলে দাবি তার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বৃহস্পতিবার ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর অফিসে গেলে শুরুতে তাকে ভেতরে ঢুকতে বাঁধা দেওয়া হয়। এ সময় বাঁধাদানকারী সদস্যদের কাছে কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ওই সময়-ই তর্ক গড়ায় হাতাহাতিতে বলে দাবি ডেজির।

দীপকের গায়ে যারা হাত তুলেছেন তাদের নাম উল্লেখ করেন ডেজি। সংগঠনের চার সদস্য রমান তাহিল, ব্রিজেশ, রাম ও স্বপন ভট্টাচার্য নামে দীপককে মারধর করেছেন জানিয়ে তিনি বলেন, ‘‘ওঁকে খুব খারাপভাবে মারধর করা হয়েছে। লাথি, ঘুষি মারা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন দীপক। এখন তাঁর শারীরিক অবস্থাও ভালো নয়।’’ দীপক ক্যানসার আক্রান্ত বলে দাবি করেন তিনি। সেইসঙ্গে তার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

যদিও ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’-এর সভাপতি বি এন তিওয়ারী ঘটনাটি নিয়ে ভিন্ন দাবি করেছেন। তিনি জানান, দীপক প্রায়ই ডেজ়ি নামে এক নারীর সঙ্গে ওই দফতরে আসেন এবং সেখানে অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। দীপক ক্যানসারে আক্রান্ত হওয়ায় সংগঠনের সদস্যেরা সাধারণত তাঁর সঙ্গে সংঘাতে জড়াতে চান না বলেও দাবি করেছেন তিনি। এই ঘটনার সময়ে দীপক (পরাশর) অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

এদিকে দীপককে মারধরের বিষয়ে এখনও চুপচাপ ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’। দেয়নি কোনো আনুষ্ঠানিক বিবৃতিও। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা।

ভারতীয় ছোটপর্দার পরিচিত মুখ দীপক। বড়পর্দায়ও অনেকদিনের বিচরণ তার। এ অভিনেতার সিরিয়াল ও ওয়েব সিরিজের মধ্যে ‘কহানি ঘর ঘর কী’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’, ‘অসুর’, ‘স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি’ উল্লেখযোগ্য। 

প্রিন্ট

আরও সংবাদ