খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

তেরখাদার ঠাকুরমারার খালে বিলীন ইউপি সদস্যের বাথরুম, ক্ষতিগ্রস্ত ৩০টি ঘরবাড়ী

তেরখাদা প্রতিনিধি |
০৫:৩৫ পি.এম | ১২ জুন ২০২১

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের মশিন্দিয়া ঠাকুরমারার খালের গর্ভে বিলীন হয়ে গেছে স্থানীয় ইউপি সদস্যের বাথরুম। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার আরও ৩০ থেকে ৩৫টি বাড়ী-ঘর। আজ শনিবার (১২ জুন) দুপুরে এঘটনা ঘটে। গেল কয়েকদিন ঠাকুরমারার খালের খরস্রোতে দু’পাড়ের ঘর-বাড়ী, গাছপালা, রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য মাহবুব শেখ বলেন, চিত্রা নদীর জোয়ারের তোড়ে ঠাকুরমারা খালে খরস্রোত চলছে। কয়েকদিনে মশিন্দিয়া এলাকার কয়েকটি ঘরবাড়ী, রাস্তাঘাট, গাছ-পালা ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ শনিবার দুপুরে আমার পাকা বাথরুমটি খালের গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া দালানে ফাটল ধরেছে। এলাকার অন্তত ৩৫ থেকে ৪০টি ঘর-বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের। দ্রুত সংস্কার করা না গেলে অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি বলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার পরামর্শে উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামানকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে বিস্তারিত বিবরণ সংসদ সদস্যকে অবহিত করেছি। খালের পাড় সংস্কার ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি সর্বাধিক গুরুত্বের সাথে দেখতে বলেছি। তিনি খোঁজ-খবর নিয়েছেন। বিষয়টি দ্রুত সুরাহা করা হবে বলে তিনি জানান।

প্রিন্ট

আরও সংবাদ