খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার

খবর প্রতিবেদন |
১২:৫৫ এ.এম | ১৪ জুন ২০২১

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্ট গার্ড। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা রবিবার গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার পৃথক দু’টি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্ট গার্ড। এই অভিযানে ৪৩৯ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার হন। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
লিবিয়ার নৌ-বাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র বলেন, তাদের দু’টি উদ্ধারকারী জাহাজ এই অভিযানে অংশ নেয়। রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়।
লিবিয়ার নৌ-বাহিনীর চিফ অব স্টাফের মুখপাত্র আরও জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধ-বিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত ভূমধ্যসাগরে ৮১৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ