খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

আইসিসির মাসসেরা প্রথম বাংলাদেশী মুশফিক

ক্রীড়া প্রতিবেদক |
০২:৩১ পি.এম | ১৪ জুন ২০২১

সুখবরটা পেয়ে গেলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, মে মাসের সেরা হয়েছেন মুশফিক।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন মুশফিক। মে মাসের সেরার লড়াইয়ে পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কা প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে গত মাসে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পান এই তারকা ক্রিকেটার। এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া টেস্টের দুই ইনিংসেই ৪০ করে মোট ৮০ রান করেছিলেন মুশফিক। পরে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেন যথাক্রমে ৮৪ ও ১২৫ রানের ইনিংস, দুইটিতেই জেতেন ম্যাচসেরার পুরস্কার।

আর এবার সেই পারফরম্যান্সের সুবাদেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্লেয়ার অব মান্থ নির্বাচিত হলেন তিনি। এর আগের চার মাসে এই পুরস্কার জিতেছেন যথাক্রমে রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও বাবর আজম। এবার এশিয়ার পঞ্চম ক্রিকেটার হিসেবে জিতলেন মুশফিক।

মে মাসে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় শ্রীলঙ্কান স্পিনার  প্রভিন জয়াবিক্রামার। টেস্ট অভিষেকেই দুই ইনিংসেই স্পর্শ করেন ৫ উইকেটের মাইলফলক। পাকিস্তানের হাসান আলি মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হারের টেস্টে দারুণ সফল। প্রথম টেস্টের দুই ইনিংসেই নেন ৯ উইকেট। পরের টেস্টের ১ম ইনিংসে ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট। 

তাকে নির্বাচিত করার বিষয়ে আইসিসির ভোটিং একাডেমির প্রতিনিধি ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘শীর্ষ পর্যায়ে ১৫ বছর ধরে ক্রিকেট খেলার পরও মুশফিকের রান করার ক্ষুধা কমেনি। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সে তার অন্যতম সেরা ফর্মে ছিল। যা তার ধারাবাহিকতা অন্যতম উদাহরণ। তার পারফরম্যান্সের সুবাদেই ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। মিডলঅর্ডারে ব্যাটিং ও একসঙ্গে উইকেটকিপিং করাটা তার ফিটনেস ও স্কিলেরই পরিচায়ক।’

এদিকে একইদিনে ঘোষিত নারী ক্রিকেটের পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস। নারী-পুরুষ মিলিয়ে স্কটল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষে দশে ঢুকেছিলেন তিনি। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার টি-টোয়েন্টিতে ৯৬ রান ও ৫ উইকেট শিকার করেছেন ক্যাথরিন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে চলতি বছরের জানুয়ারি মাস থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার এই প্রক্রিয়া চালু করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে প্রথম পাঁচ মাসেই সেরার পুরস্কার জিতেছেন উপমহাদেশের খেলোয়াড়রা।

প্রিন্ট

আরও সংবাদ