খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা!

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৬ এ.এম | ১৫ জুন ২০২১

করোনাভাইরাস মহামারির পরিস্থিতি খারাপ হওয়াতে জিম্বাবুয়েতে নতুন করে লকডাউন দিয়েছে দেশটির সরকার। ফলে স্থগিত করা হয়েছে যেকোনো ধরনের আউটডোর ইভেন্ট। যার মধ্যে রয়েছে ক্রীড়া ইভেন্টও। হারারতে চলমান জিম্বাবুয়ে-এ ও সাউথ আফ্রিকা-এ দলের মধ্যেকার আনঅফিশিয়াল টেস্ট ম্যাচটিও বাতিল করা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট এক টুইট বার্তায় জানায় দেশটিতে লকডাউনের কারণে সকল ক্রিকেট ম্যাচ স্থগিত করা হয়েছে। লকডাউনের কারণে শঙ্কায় পড়েছে আসন্ন জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজও। এই মাসের শেষে ডিপিএলের পর ২৯ অথবা ৩০ জুন জিম্বাবুয়েতে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
ক্রীড়া কার্যক্রম স্থগিত করা প্রসঙ্গে দেশটির ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সমস্ত ক্রীড়া কার্যক্রম এবং ইভেন্টগুলো আগামী ২২ জুন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকল ক্রীড়া সমিতি, ক্লাব, জিম এবং সংশ্লিষ্ট স্টোকহোল্ডারদের কোন প্রকার নিষেধাজ্ঞা ছাড়াই মেনে চলা উচিত।’
অবশ্য এরই মধ্যে বাংলাদেশ-জিম্বাবুয়ের আসন্ন সিরিজটি যথাযথ ভাবে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিতে সরকারের কাছে আবেদন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আবেদন দেশটির সরকার কতোটা আমলে নেয় তার ওপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ।
সাত জুলাই থেকে শুরু হওয়া সিরিজে একটি টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। লকডাউন বেশিদিন চললে স্থগিত হতে পারে সিরিজ। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল বা স্থগিত নিয়ে কিছু বলেনি। গত বছর করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হয় বাংলাদেশ-পাকিস্তান চলমান সিরিজ। এরপর করোনাভাইরাসের কারণে বাংলাদেশের নির্দিষ্ট সফরে আসেনি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।
জিম্বাবুয়ে সফর যদি হয়, সেখানে র কোয়ারেন্টাইন নিয়ে এখনও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। গত সপ্তাহে বিসিবি জানায় ৫-৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে টাইগারদের। সেটি হলে ৭ জুলাই শুরু হতে যাওয়া সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলা হবে না বাংলাদেশ দলের।
 

প্রিন্ট

আরও সংবাদ