খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

করোনা : দৈনিক শনাক্ত ফের তিন হাজারের বেশি, ৩৬ দিন পর সর্বাধিক মৃত্যু

খবর প্রতিবেদন |
১২:৫৫ এ.এম | ১৫ জুন ২০২১

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় দেড় মাস পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার তিন হাজার ছাড়িয়ে গেছে। আর একদিনে আক্রান্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এক মাসেরও বেশি সময়ের মধ্যে এটি করোনায় একদিনে সর্বাধিক মানুষের মৃত্যুর ঘটনা। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৭২ জনের। এর আগে গত ৯ মে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে ৩৬ দিন পর গতকাল করোনায় সর্বাধিক মৃত্যুর খবর এলো। 
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৫০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে এক দিনে এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২৬ এপ্রিল, সেদিন ৩ হাজার ৩০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আর একদিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৯ মে। সেদিন করোনাভাইরাসে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল।
গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৭২ জন।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৫৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।
২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৯৫ হাজার ৭১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন। এছাড়া চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১৩, খুলনায় ৭, বরিশালে ১, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ১৭২ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৪৭৭ জন এবং নারী ৩ হাজার ৬৯৫ জন।

 

প্রিন্ট

আরও সংবাদ