খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

সুইডেনের সাথে হতাশার ড্রয়ে ইউরো শুরু স্পেনের

ক্রীড়া প্রতিবেদক |
০৭:৫২ এ.এম | ১৫ জুন ২০২১

ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে খাতা কলমে এগিয়ে থেকেই ইউরো ২০২০ শুরু করে স্পেন। তবে মাঠের খেলায় স্পেনকে হতাশায় পুড়িয়েছে সুইডেন। গ্রুপ ই'র ম্যাচে স্প্যানিশদের তাদের ঘরের মাঠেই রুখে দিল সুইডিশরা। দুর্দান্ত সব আক্রমণ করেও গোল মিসের মহড়ায় হতাশায় ডুবিয়েছে স্প্যানিশদের। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই ইউরো ২০২০-এ নিজেদের যাত্রা শুরু করল লুইস এনরিকের দল।

গোটা ম্যাচের ৮৫ শতাংশ বল দখলে রেখে সুইডেনের রক্ষণকে নাচিয়ে ছেড়েছে স্পেনের আক্রমণভাগ। তবে কিছুতেই কিছু করতে পারেনি মোরাতা, তোরেস আর অলমোরা। অন্যদিকে সুইডেনের হয়ে এদিন অতিমানবীয় পারফরম্যান্স করেন গোলরক্ষক রবিন ওলসেন। দুর্দান্ত সব সেভে দলকে ম্যাচে ধরে রাখেন তিনিই। শেষ পর্যন্ত তাঁর অটুট হাতের কারণেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুইডিশরা।

স্পেনের বিপক্ষে সুইডেনের ত্রাতা হয়ে আসেন রবিন ওলসেন। গোটা ম্যাচ জুড়ে পাঁচটি দুর্দান্ত সেভ করেন তিনি। যার মধ্যে ডি-বক্সের ভেতর থেকেই করেন তিনটি সেভ। মোরাতা, অলমো, কোকেদের বারবার পরাস্থ করে সুইডেনকে ম্যাচে ধরে রেখেছিলেন তিনিই। তাই তো গোটা ম্যাচে স্পেন ১৭টি শট গোল বরাবর নিলেও একটিও সুইডেনের জালে জড়াতে দেননি ওলসেন।

ওলসেনের কৃতিত্বের সঙ্গে সঙ্গে এদিন ব্যর্থতার দায় বর্তায় স্পেনের ফরোয়ার্ডদের ওপরেও। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণের পশরা সাজিয়ে বসে স্পানিশরা। গোলের একের পর এক সুযোগ তৈরি করতে শুরু করে ম্যাচের প্রথম থেকেই।

এই ড্র'তে গ্রুপ ই'র দুই নম্বরে অবস্থান করছে স্পেন। তাদের পরেই অবস্থান সুইডিশদের। গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে স্লোভাকিয়া শীর্ষে। আর পোল্যান্ড আছে চারে।

প্রিন্ট

আরও সংবাদ