খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি বিএনপি নেতার মৃত্যু

খবর প্রতিবেদন |
০১:৩৮ পি.এম | ১৫ জুন ২০২১

সাতক্ষীরা জেলা কারাগারে থাকা প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু মারা গেছেন। সোমবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। কারা কর্তৃপক্ষ বলছেন, শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন তিনি।

মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকে দায়িত্বে ছিলেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় চার বছর ধরে তিনি কারাগারে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে মারা যান বিএনপি নেতা মাহফুজুর রহমান বাবু। মারা যাওয়ার পর কারা কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেলে নিয়ে যায়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ছিলেন মাহফুজুর রহমান সাবু। জেলা কাগারারে তিনি মারা গেছেন। কি কারণে মারা গেলেন সেটি কর্তৃপক্ষ বলতে পারবেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, তিনি হার্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গতকাল সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তিনি মারা গেছেন। কারাগারে থাকাকালীন তিনি মারা যাননি।

 

প্রিন্ট

আরও সংবাদ